Wednesday, 28 September 2016

আবারো নাটকে ব্যস্ত রুবেল








কিছু কিছু কণ্ঠস্বর যে শুধু শ্রবণেন্দ্রিয় দ্বারা গ্রাহ্য হয়, তা নয়; একেবারে অন্তরের অন্তঃস্থলে গিয়ে পৌঁছায়। এ ধরনের কন্ঠস্বরের অধিকারী মানুষের সংখ্যা খুবই কম। শোবিজে এমন কণ্ঠস্বরের খুব কদর কিন্তু তা সহজে মেলে না। আমাদের দেশের শোবিজে সেই ভাগ্যবান মানুষদের একজন হচ্ছেন অভিনেতা আহমেদ রেজা রুবেল।

সংশ্লিষ্টদের মতে, যখন কোন দর্শক আহমেদ রেজা রুবেলের অভিনীত নাটক উপভোগ করেন তখন অভিনয়ের বাইরে তার কণ্ঠের সংলাপ গোগ্রাসে আস্বাদন করতে থাকেন।

ভরাট কণ্ঠের অধিকারী রুবেল প্রথম অভিনয় শুরু করেন মঞ্চ নাটকে। তার অভিনীত মঞ্চ নাটক হচ্ছে বন ঘাসফুল’। তিনি টিভি নাটকে প্রথম অভিনয় করেন ২০০৫ সালে। তার অভিনীত প্রথম টিভি নাটক স্বপ্নযাত্রা’ । মূলতঃ তিনি সবার নজরে আসেন নাট্য নির্মাতা আহির আলম নির্মিত ধারাবাহিক নাটকপ্রেত’ এর মাধ্যমে। ‘প্রেত’  নাটকটি একুশে টিভি চ্যানেলে প্রচারিত হত। এই নাটকে তাঁর অনবদ্য অভিনয় আজও দর্শকের মনে দাগ কেটে আছে। প্রেত নাটকটি হররধর্মী এবং ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।

আহমেদ রেজা রুবেল অভিনীত আরেকটি নাটকের কথা না বললেই নয়। একুশে টিভিতে প্রচারিতরাত বারোটা বাজার আগে  নাটকটিতে বোকার চরিত্রে রুবেলের অভিনয় ছিলো অনবদ্য। নাটকে মামার চরিত্রে খায়রুল আলম সবুজ- এর বিয়ের পাত্রী দেখতে যাওয়ার জন্য দৌড় ঝাঁপ আর পাশের বাসার মেয়ের চরিত্রে ফারহানা মিঠুর সাজগোজ নিয়ে আদিখ্যেতা রুবেল তার অভিনয়ে যে ভাবে ফুটিয়ে তুলেছেন তা আজও মনে হলে দর্শকরা মনে মনে এক চিলতে হাসি হেসে নেন।

হুমায়ুন আহমেদ নির্মিত নাটকপোকা তে অভিনয় করে তিনি সবার কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেন। সালাহউদ্দিন লাভলু নির্মিত ধারাবাহিক নাটক রঙের মানুষ’-এ তিনি অভিনয় করেছেন। আহমেদ রেজা রুবেল অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটকগলোর মধ্যে রয়েছে চা, চিঠিবাজি, আঁধারের ঋণ, সেলাই পরিবার, রঙের মানুষেরা কেমন আছেন, গফুর ইত্যাদি।

রুবেল টিভি নাটকে নাম লেখানোর আগে চলচ্চিত্রে নাম লেখান। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ও নাদিম মাহমুদ নির্মিত চলচ্চিত্র আখেরি হামলা ’র মাধ্যমে তিনি চলচ্চিত্রে পা রাখেন। এতে তিনি খলনায়ক চরিত্রে ভূমিকা পালন করেন। আর নায়ক চরিত্র রূপায়ন করেছিলেন ওমর সানী।

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত চলচ্চিত্র ব্যাচেলর-এ তার প্রানবন্ত অভিনয় সবাইকেই কাঁদিয়েছে। এই চলচ্চিত্রে ব্যবহৃত ও টুটুল-এর গাওয়া বিখ্যাত গান ‘কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে আমার হয়েছে কোনটা জানে না এই মনটা’ শোনামাত্রই আহমেদ রেজা রুবেল-এর বিমর্ষ মুখখানি ভেসে ওঠে। হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্র চন্দ্রকথা’য়  আহমেদ রেজা রুবেলের নিরব গৌণ চরিত্রের কথাও অমলিন। হুমায়ূন আহমেদ নির্মিত ‘শ্যামল ছায়া’ চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। নাসির উদ্দিন ইউসুফ নির্মিত চলচ্চিত্র গেরিলা-তে তার অভিনয় সকলের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়। তিনি পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পারাপার’ এ অভিনয় করেছেন।

দীর্ঘদিন অসুস্থতাজনিত কারণে তিনি মিডিয়া থেকে দূরে ছিলেন। বর্তমানে তিনি আবারো নাটকে ব্যস্ত হয়ে উঠেছেন।

আহমেদ রেজা রুবেল অভিনীত চলচ্চিত্রগুলো হচ্ছে আখেরি হামলা, চন্দ্রকথা, ব্যাচেলর, শ্যামল ছায়া, গেরিলা, দ্য লাস্ট ঠাকুর।





No comments:

Post a Comment