চলচ্চিত্রে অভিনয় করছেন বেশ কয়েক বছর ধরেই। সিনেমার পর্দায় বাঘা বাঘা ভিলেনকে কুপোকাত করেন এক নিমেষে। নায়িকার সঙ্গে তাঁর রসায়নও বেশ উপভোগ করেন দর্শক। কিন্তু বিশাল মঞ্চে উপস্থাপনা। সেটা কখনোই করেননি ঢাকাই ছবির অভিনেতা বাপ্পী। গতকাল চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে কিছু সময়ের জন্য এ কাজটিই করতে হয়েছে তাঁকে। উপস্থাপনা করতে মঞ্চে এসেই খানিকটা ভড়কেই গিয়েছিলেন হয়তো। কিন্তু খানিকবাদেই সামলে নেন নিজেকে। মঞ্চে দর্শকদের উদ্দেশে বাপ্পী বলেন,
‘আমি আজ কক্সবাজার থেকে এসেছি। আজ এফডিসিতে ঢুকেই মনটা ভরে গেছে। চারদিকে এত আলো। আমার চাওয়া এফডিসিটা যেন এমন আলোকিতই থাকে।’
পরে বাপ্পীর ঘোষণার মাধ্যমে মঞ্চে আসেন সংগীতশিল্পী টিনা মুশতারী। তিনি গেয়ে শোনান ‘প্রেম করব তোমার সঙ্গে’ ছবির একটি গান। তবে বাপ্পীর আগে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইমন, নিরব, জাহিদ হাসান, আফজাল শরীফ, মোহাম্মদ হোসেন জেমী। চলচ্চিত্র দিবস উপলক্ষে গতকাল রাতে এফডিসির ২ নম্বর ফ্লোরে আয়োজন করা হয়েছিল এই সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিকেল পাঁচটা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় রাত আটটার দিকে। এতে নৃত্য পরিবেশন করেন ইমন-তমা মির্জা, নিরব-শিরিন শীলা, আসিফ ও অমৃতা। গান পরিবেশন করেন দিনাত জাহান, বেলাল খান, আহমেদ হুমায়ূন, লেমিস, ইলিয়াস হোসেন প্রমুখ। এ ছাড়া ‘ঢাকা শহর আইস্যা আমার আশা ফুরাইছে’ গানের সঙ্গে নাচ পরিবেশন করেন অঞ্চনা ও আজিজ রেজা।

No comments:
Post a Comment